
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে প্রাইভেট টিউশনের ওপর নির্ভরতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে এবং এটি অনেক ক্ষেত্রে মহামারির মতো বিস্তার লাভ করেছে। তিনি মনে করেন, অতিরিক্ত টিউশননির্ভরতার কারণে অনেক শিক্ষার্থী শ্রেণিকক্ষে প্রয়োজনীয় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
রোববার (৯ আগস্ট) সকালে রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের শিক্ষা ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ জন্য প্রাথমিক শিক্ষার ভিত্তি শক্তিশালী করা, কর্মমুখী শিক্ষা সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশকে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পরও অনেক শিক্ষার্থী গণিত, ভাষা ও অন্যান্য মৌলিক বিষয়ে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন করতে পারছে না। এ সমস্যা মোকাবিলায় ধাপে ধাপে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ম্যাথ ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
ববি হাজ্জাজ আরও বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা বিদ্যালয়ের মধ্যেই নিশ্চিত করতে হবে, যাতে প্রাইভেট টিউশনের ওপর অতিরিক্ত নির্ভরতা কমে আসে।
তিনি জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে খেলাধুলাকে বাধ্যতামূলক করার পরিকল্পনাও সরকারের রয়েছে। তার মতে, খেলাধুলাকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রতিষ্ঠা করা হলে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে ইতিবাচক প্রভাব পড়বে।